বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার এমন অপচেষ্টা সম্পর্কে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কিছু ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, কর্মসূচিটির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। ঋণ পাওয়ার নিশ্চয়তা কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ‘উদ্যোগ’ নামে কোনো অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই। এ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হতে সবাইকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’।

এ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন পেতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে বিতরণের পরিকল্পনা রয়েছে।

দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। গত ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে অর্থায়নসংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

প্রথম পর্যায়ে আট জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। পরবর্তী সময়ে গত ১ নভেম্বর থেকে বাকি ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন