সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা নির্ধারণ, পরিবর্তন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ের আরও পাঁচজন সদস্য রয়েছেন।
গত ১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দেওয়া হবে।
এ ছাড়া ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা, বিদ্যমান ভাতার হার কমানো বা বাড়ানো এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।
কমিটির কার্যক্রমে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। এ ছাড়া অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন ভাতার অসংগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিবর্তনের বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

