বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা সই

নিউজ ডেস্ক

বাংলাদেশে অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগ সম্প্রসারণে চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইনভেস্ট বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় এ চুক্তি সম্পন্ন হয়।

ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো নির্মাণ, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়ন খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতগুলোতে দুই দেশের সহযোগিতার পরিসর আরও বিস্তৃত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর মোংলা সফরের কর্মসূচিতে বন্দরের অবকাঠামোগত উন্নয়নও রয়েছে। বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন