বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল

নিউজ ডেস্ক

শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানকে বিশেষ ঋণ সুবিধা দিতে বিদ্যমান নিয়মে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে আরও ৩ হাজার কোটি টাকা অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। এরই মধ্যে প্রথম ধাপে আটটি ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সিটি গ্রুপকে শর্তসাপেক্ষে বিশেষ ঋণ সুবিধা দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ অর্থায়নে অংশ নেওয়া ব্যাংকগুলো ঋণের বিপরীতে সরকার কিংবা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। এ ঋণের দায়ভারও কেন্দ্রীয় ব্যাংক বহন করবে না।

ঋণ সুবিধার ক্ষেত্রে আরও কিছু শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে, সিটি গ্রুপের কোনো বন্ধকি সম্পত্তি এ ঋণের জামানত হিসেবে গ্রহণ করা যাবে না। পাশাপাশি ঋণের অর্থে কেনা পণ্য বিক্রির পর বিক্রয়লব্ধ অর্থের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। এর মাধ্যমে অর্থায়নকারী ব্যাংকগুলোর ঋণের কিস্তি পরিশোধ নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ বিশেষ ঋণ সুবিধার আওতায় সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো—সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ, সিটি এডিবল অয়েল, সিটি ডাল মিলস এবং শম্পা ফ্লাওয়ার মিলস।

প্রথম ধাপে আটটি ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৭০০ কোটি টাকা অর্থায়নের ব্যবস্থা করা হয়েছে। বাকি অর্থায়নের সুযোগ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন