তেহরানের জনবহুল এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি সংবলিত বিশাল বিলবোর্ড ও ব্যানার প্রদর্শন করা হয়েছে। বিলবোর্ডে ট্রাম্পকে হত্যার অঙ্গীকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের রক্তাক্ত অবস্থার ছবিও তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, তেহরানের ব্যস্ত এনগেলাব স্কয়ারে স্থাপন করা বিশাল বিলবোর্ডে ট্রাম্পকে গরাদের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখানো হয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।
এলাকার কাছাকাছি আরেকটি বিলবোর্ডে যুক্তরাষ্ট্রের জীর্ণ পতাকার পটভূমিতে ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তাক্ত মুখ ও ছেঁড়া পোশাকের ছবি প্রদর্শন করা হয়েছে।
এদিকে, বিলবোর্ডের আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করেন বহু মানুষ। এ সময় তাদের হাতে লাল পতাকা ও ‘রক্তপাত হবে’ লেখা ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানান।
তেহরানের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে এমন প্রচার ও বিক্ষোভের ঘটনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলবিরোধী উত্তেজনার প্রকাশ হিসেবে সামনে এসেছে। তবে বিলবোর্ডগুলো কারা স্থাপন করেছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

