২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। এতে নিয়মিত ও অনিয়মিত—উভয় শ্রেণির পরীক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিস্তারিত নিয়মাবলি ও সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে। তাই পরীক্ষার্থীদের নিয়মিত নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

