দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে টানা দুই দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল ৬ হাজার ৫৯০ টাকা।
বুধবার (৪ নভেম্বর) সকালে স্বর্ণের নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয় বাজুস। ঘোষিত মূল্য দুপুর ১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
তার আগে ৩১ অক্টোবর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
এভাবে কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দামে একাধিকবার পরিবর্তন এসেছে। সর্বশেষ সিদ্ধান্তের ফলে ক্রেতাদের এখন আগের তুলনায় বেশি দামে স্বর্ণ কিনতে হবে।

