গাজীপুরের কাশিমপুর থানায় হামলা ও ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর এলাকার ডিবিএল কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন। খবর পেয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় শ্রমিকদের শান্ত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ সদস্যরা।
তবে পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং পুলিশ সদস্যদের ধাওয়া করেন। পরিস্থিতির চাপে পুলিশ সদস্যরা পিছু হটে দৌড়ে থানায় আশ্রয় নেন।
পরে বিক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারীরা পুলিশকে অনুসরণ করে থানার সামনে ও আশপাশের এলাকায় জড়ো হন। এ সময় তারা থানা ঘেরাওয়ের চেষ্টা চালান এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে থানা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনার পর কাশিমপুর থানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান, এ ঘটনায় বেশ কিছু ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলতে না পারলেও তিনি বলেন, শ্রমিকরা চলে গেছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

