মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

পদ্মা ব্যারাজ, পদ্মা নদীর ওপর ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু এবং যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় গুরুত্বপূর্ণ এ তিনটি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ, পদ্মা ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু এবং যমুনা দ্বিতীয় সেতু দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি ইশতেহারেও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের অঙ্গীকার করেছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা ও কাজের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পদ্মা ব্যারাজ ও ওয়াই-টাইপ সেতু প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে এবং এটি একনেকে অনুমোদন পেয়েছে। অন্যদিকে, পদ্মা নদীর ওপর ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টিও নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ব্যারাজ ও সেতু নির্মাণের ক্ষেত্রে একটি প্রকল্প যেন অন্যটির জন্য প্রতিবন্ধকতা তৈরি না করে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পের মধ্যে সমন্বয় এবং পরস্পরের পরিপূরক হিসেবে ব্যবহারের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, পদ্মা ব্যারাজের পরিকল্পনা অনুযায়ী কাজ চলবে এবং একই সঙ্গে ওয়াই-টাইপ সেতুও নির্মাণ করা হবে।

মন্ত্রী আরও জানান, পদ্মা ব্যারাজ ও ওয়াই-টাইপ সেতু—দুটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে। সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত নকশা তৈরি, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন এবং পর্যায়ক্রমে নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।

যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়ে তিনি বলেন, বৃহত্তর রংপুরের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ করতে এ সেতুর প্রয়োজনীয়তা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের অঙ্গীকার রয়েছে এবং এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট বাস্তবায়নকারী কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

শেখ রবিউল আলম বলেন, তিনটি প্রকল্পই বাস্তবায়নের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেল, সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নৌপরিবহনমন্ত্রী রাজিব আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন