মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক

তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও নতুন তথ্য যাচাইয়ের জন্য তাকে আবারও জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দ্বিতীয় দফায় দীপকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রথম দফায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্যের সত্যতা যাচাইয়ের কাজ চলছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদের সময় দীপ বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরবতা অবলম্বন করেছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য উদ্‌ঘাটন এবং তার দেওয়া বক্তব্য যাচাই করতে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে, গত শনিবার গ্রেপ্তারের পর দীপকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এ মামলায় দীপের সঙ্গে নেস্ট বারে দেখা যাওয়া দিশা নামের এক তরুণীকেও গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ সাউরি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলাটির তদন্তে দীপ ও দিশাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন