মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৫৮ জন। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫ জন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে রোগী ভর্তির হিসাবেও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত হাম ও সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন