মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ফ্যাসিস্ট আমলে চালু হয়েছে সব অবৈধ ক্লিনিক: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগের সরকারের আমলেই দেশে অবৈধ ক্লিনিক গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে এসব প্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনে কোনো ধরনের অনিয়ম বা নিয়মবহির্ভূত কার্যক্রম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে একসঙ্গে সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। চিকিৎসাসেবায় কোনো সমস্যা রয়েছে কি না, ওষুধের পর্যাপ্ত সরবরাহ এবং চিকিৎসক সংকটের বিষয়েও চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পরিদর্শনকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সরকারি হাসপাতালে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন