মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর সরকারে যাবেন না আইজেনকোট

নিউজ ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন ইয়ার পার্টির নেতা গাদি আইজেনকোট। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ জানালেও তিনি নেতানিয়াহুর সরকারে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএনের এক প্রতিবেদনে বেনামি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন আইজেনকোট।

সেখানে তিনি বলেন, ‘আমি নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে বসব না।’

ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রসঙ্গে আইজেনকোট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে আমন্ত্রণ জানালে তিনি সম্মান জানিয়ে বৈঠকে অংশ নেবেন। তবে সেখানে স্পষ্ট করে জানিয়ে দেবেন, বিষয়টি ইসরায়েলের অভ্যন্তরীণ ব্যাপার এবং এ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ তিনি মেনে নেবেন না।

সরকার গঠন নিয়ে জটিল সমীকরণ

নেতানিয়াহু বৃহত্তর সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করার পর আইজেনকোটের এই বক্তব্য সামনে এলো। তবে নতুন সরকার গঠিত হলেও তার নেতৃত্ব নিজেকেই দিতে হবে বলে শর্ত দিয়েছেন নেতানিয়াহু। একই সঙ্গে দেশটির প্রধান দুই আরব দল রা’আম ও জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট সরকার গঠনের সম্ভাবনাও নাকচ করেছেন তিনি।

গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে ১২০ সদস্যের নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নাফতালি বেনেটের টুগেদার পার্টি, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি পরবর্তী সরকার গঠনের জন্য আইজেনকোটের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। আরব দলগুলোর সম্ভাব্য সমর্থন যুক্ত হলে তার পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়া সম্ভব হতে পারে।

তবে আরব দলগুলোকে সরকারে অন্তর্ভুক্ত করা কিংবা তাদের সমর্থনের ওপর নির্ভর করে জোট গঠনের বিষয়ে লিবারম্যানের আপত্তি বিরোধী শিবিরের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে।

দলগুলোর সঙ্গে পরামর্শ করবেন প্রেসিডেন্ট

বুধবার থেকে পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে দুই দিনের পরামর্শ শুরু করার কথা রয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের। এর আগে মঙ্গলবার নিজেদের অবস্থান সমন্বয় করতে বিরোধী দলগুলোর নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে।

নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য জোটের সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে আইজেনকোটের অবস্থান এবং আরব দলগুলোর সমর্থন নিয়ে বিরোধী শিবিরের অভ্যন্তরীণ মতপার্থক্য নতুন সরকার গঠনের আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন