মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে

নিউজ ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ যখন চাপে রয়েছে, তখন আবারও এলপিজির দাম বাড়ানো জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানোয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান জামায়াতের এই নেতা।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শুধু দাম বাড়িয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। অথচ বাজার তদারকি কিংবা অসাধু ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনতে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো উচিত নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।

বিবৃতিতে তিনি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, সরকার নির্ধারিত দামে বাজারে গ্যাস বিক্রি নিশ্চিত করা এবং সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন