সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য হলেন এলিজা জামান

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ২৬ অক্টোবর বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা। ওই সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার ১ উপধারা অনুযায়ী চূড়ান্ত তালিকায় তার নাম প্রকাশ করা হয়েছে।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন।

পরে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন