মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে। পরিবার পরিকল্পনা বিষয়ে জনগণকে সচেতন করা এবং প্রয়োজনীয় সেবা সহজলভ্য করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ক্যান্সার চিকিৎসা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এর ফলে ঢাকার বাইরের ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী রোগীর চাপও কমবে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তনের পাশাপাশি রোগীদের মধ্যে ডেঙ্গু-পরবর্তী কার্ডিয়াক জটিলতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ কারণে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মশা নিয়ন্ত্রণে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন