বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ ঘোষণা দেন।

তিনি জানান, বন্যা পরিস্থিতি এবং জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, বন্যা মোকাবিলায় সরকারের সব কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক তদারকি করছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দুর্গত এলাকার প্রশাসনকে স্থানীয় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া দলীয় নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণসহ মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান মাহদী আমিন।

স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন