বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা বৃদ্ধির ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অবদান, পেশাগত সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির বিষয় তুলে ধরেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের অধিকতর মোতায়েন, বাংলাদেশি কর্মকর্তাদের আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের সমর্থন কামনা করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়ার সঙ্গে বৈঠকে তিনি পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) র‌্যাপিড ডিপ্লয়মেন্ট লেভেলে উন্নীত করার পাশাপাশি আরও বাংলাদেশি অফিসার মোতায়েন এবং শান্তিরক্ষা মিশনে একটি বাংলাদেশি এফপিইউ অন্তর্ভুক্তির অনুরোধ জানান। একই সঙ্গে জাতিসংঘ সদর দপ্তর ও বিভিন্ন ফিল্ড মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের নেতৃত্বস্থানীয় ও পেশাগত পদে আরও বেশি নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন