বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জুলাই সনদ ইস্যুতে উদার, শক্তিশালী মানবাধিকার আইন করার পরামর্শ স্পিকারের

ডেস্ক রিপোর্ট।।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান মতপার্থক্য দূর করে জাতীয় সংসদের মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, সংবিধান সংশোধন ও প্রয়োজনীয় আইন প্রণয়ন ছাড়া এ সনদের পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে বিরোধী দল ও সরকারি দলের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। বিরোধী দল সংসদ সদস্যদের শপথের দিনই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়। তবে সরকারি দল বিএনপি, সমমনা দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা প্রচলিত সাংবিধানিক কাঠামোর বাইরে এমন কোনো শপথে অংশ নেয়নি।

প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়। এ সময় বিরোধী দলের দাবি অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে একটি বিশেষ কমিটি গঠন করা হলে প্রতিবাদ জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃত্বাধীন বিরোধী জোট।

এদিকে বিরোধীদের আপত্তি সত্ত্বেও মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ-সংক্রান্ত বিল পাস হয়। অন্যদিকে গুম-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করা হয়।

এসব বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্পিকার বলেন, জুলাই সনদের বাস্তবায়ন করতে হলে তা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে। এজন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন কেবল জাতীয় সংসদেই সম্ভব। তাই সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সমঝোতাই হতে পারে কার্যকর সমাধানের পথ।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের উচিত জুলাই সনদের যেসব বিষয় গ্রহণযোগ্য, সেগুলো বাস্তবায়নে নমনীয়তা দেখানো। একই সঙ্গে বিরোধী দলকেও সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সাংবিধানিক দায়িত্ব পালনের বাস্তবতা বিবেচনায় নিতে হবে।

স্পিকার বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং গুম-সংক্রান্ত আইন আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন। তার ভাষায়, কোনো রাজনৈতিক দলই চিরদিন সরকারে বা বিরোধী দলে থাকে না। তাই ভবিষ্যতের কথা বিবেচনায় রেখেই এমন আইন প্রণয়ন করা উচিত, যা সব পক্ষের জন্য ন্যায়সঙ্গত ও কার্যকর হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক বিভাজনের সুযোগ নিয়ে কোনো অস্থিতিশীলতা বা অতীতের বিতর্কিত শক্তির পুনরুত্থানের সুযোগ সৃষ্টি করা উচিত নয়। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

স্পিকারের মতে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়ন হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা শক্তিশালী হবে এবং জনগণও স্থিতিশীলতার সুফল ভোগ করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন