মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খেটে খাওয়া মানুষের জন্য বরাদ্দ রাখা বাজেটকে কেউ কেউ ‘চানাচুর’ বলছে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বাজেটে সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণে বিভিন্ন খাতে বরাদ্দ রাখার পরও একে কেউ কেউ ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বাজেট বলে সমালোচনা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে চা-শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন।

তিনি বলেন, বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা এবং চিকিৎসাসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু কিছু মহল এ বাজেটকে ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ হিসেবে আখ্যায়িত করছে।

তার ভাষ্য, “যে বাজেট মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে, সেটিকে গণবিরোধী বলা ঠিক নয়।”

তিনি আরও বলেন, বাজেটে ৬০টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। যারা এমন বাজেটের বিরোধিতা করছে, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের ঐক্য প্রয়োজন। একই সঙ্গে তিনি অর্থপাচার রোধ এবং জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, চা-শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন