অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর (পুশইন) ঘটনা বন্ধে বাংলাদেশ সরকার ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বলে জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সীমান্তে এমন যেকোনো প্রচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে প্রতিহত করছে।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, কোনো দেশের অবৈধ নাগরিককে ফেরত পাঠানোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম মেনেই ভারতকে পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, পুশইনের মতো কর্মকাণ্ড বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই এ ধরনের উদ্যোগ থেকে বিরত থাকা প্রয়োজন।
সাম্প্রতিক সময়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃক নারী, শিশু ও বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগের পর দেশের ২৬টি সীমান্ত জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন।
এদিকে সোমবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি-তে শুরু হয়েছে বিজিবি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। চার দিনব্যাপী এ বৈঠকে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

