বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রোববার থেকে ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

ডেস্ক রিপোর্ট।।

যাত্রীসেবার পরিধি বাড়াতে মেট্রোরেল চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই সময়সূচি আগামী রোববার (৭ জুন) থেকে কার্যকর হবে।

এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী শেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। বর্তমানে এই ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শুরু করে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যায়।

ডিএমটিসিএল জানিয়েছে, রাতের সেবা সম্প্রসারণের আগে প্রায় এক মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় এখন নিয়মিতভাবে বর্ধিত সময়সূচি চালু করা হচ্ছে।

তবে প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত ২০ মিনিটে প্রতিটি দিকে মাত্র একটি করে ট্রিপ পরিচালিত হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং একটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে। এ সময় ট্রেনগুলোর মধ্যে প্রায় ১০ মিনিটের ব্যবধান থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতের বর্ধিত সেবা চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং রোববার থেকেই নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হবে।

বর্তমানে প্রতিদিন উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম মেট্রোরেল সকাল সাড়ে ৬টায় যাত্রা শুরু করে। আর মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। তবে সকালবেলার সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন