বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের নতুন মূল্যহার বুধবার (৩ জুন) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল ৩টায় কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিইআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের মূল্যহার পুনর্নির্ধারণের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো কমিশনের কাছে প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তাব দেয়। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সঞ্চালন মূল্যহার এবং বিভিন্ন বিতরণ কোম্পানি খুচরা মূল্যহার পরিবর্তনের আবেদন করেছে।
এ বিষয়ে গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে অংশীজনদের মতামত ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উপস্থাপনা পর্যালোচনার পর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিইআরসি জানিয়েছে, বুধবারের সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের নতুন মূল্যহার সংক্রান্ত কমিশনের সিদ্ধান্ত বিস্তারিত তুলে ধরা হবে।
বিদ্যুতের দাম বাড়বে নাকি অপরিবর্তিত থাকবে—এ নিয়ে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ী মহলে আগ্রহের সৃষ্টি হয়েছে। কমিশনের ঘোষণার পরই এ বিষয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

