রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে অন্তত ছয় শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেলেও, এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৭ মে) ভোররাতের দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা-পুলিশসহ ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছান।
ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”
হাসপাতাল–সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর হাসপাতালজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত শিশুদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনী হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ড পরিদর্শন করে তথ্য সংগ্রহ করছে।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

