মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট।।

প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কথিত মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি এ কে এম আজিজুল হক খান। নোটিশে দাবি করা হয়েছে, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমান-কে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন, যা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের বক্তব্যে নোটিশ প্রেরণকারী নিজেও ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। এ কারণে কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইনজীবী এ কে এম আজিজুল হক খান তার সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি তুলে ধরেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়। সেখানে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নোটিশে প্রেরণকারীর যোগাযোগের ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জুবেদ আলী ভবনের কক্ষ নম্বর-৮৫ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন