বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হামের তাণ্ডব অব্যাহত, একদিনে প্রাণ গেল আরও ১১ শিশুর

ডেস্ক রিপোর্ট।।

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং নয় শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ঘটে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৯ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৭ হাজার ৫১১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪৩ হাজার ৪১১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সব মিলিয়ে চলতি প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪১৪ জন এবং নিশ্চিত হামে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন