সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে আইনজীবী শিশির মনির জানান, আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় আদালত অবমাননার প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেন, সরকারের এ পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী।
গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ সংবিধানের বর্তমান ১১৬ অনুচ্ছেদকে সাংঘর্ষিক ঘোষণা করে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশ দেন। একই সঙ্গে তিন মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করলেও পরে বিএনপি সরকার তা বাতিল করে দেয়। সর্বশেষ ১৯ মে জারি করা এক প্রজ্ঞাপনে সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

