র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগের কাঠামোয় রাখা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, নতুন আইনের আওতায় বাহিনীটিকে সংস্কার করা হচ্ছে এবং এর নামও পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, এতদিন র্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি অপশনের অধীনে পরিচালিত হয়েছে। তবে নতুন আইনের মাধ্যমে বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।
তিনি বলেন, “এক অর্থে র্যাব আগের মতো থাকছে না। এমনকি এর নামও পরিবর্তন হতে পারে।”
র্যাব বিলুপ্তির দাবির বিষয়ে তিনি বলেন, অতীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও রাষ্ট্রের জন্য একটি বিশেষায়িত এলিট ফোর্স প্রয়োজন। উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জামের কারণে সন্ত্রাস ও জটিল অপরাধ দমনে বাহিনীটি কার্যকর ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

