রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন-এ আয়োজিত ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধনের পর ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি ভবনের নিচতলায় অবস্থিত ডে-কেয়ার সেন্টার পরিদর্শনে গেলে শিশুরা প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে। কেউ হাত মেলায়, কেউ খেলনা দেখায়, আবার কেউ নিজেদের আঁকা ছবি উপহার দেয়। প্রধানমন্ত্রীও শিশুদের সঙ্গে হাস্যোজ্জ্বল পরিবেশে কথা বলেন এবং তাদের নানা কর্মকাণ্ড মনোযোগ দিয়ে দেখেন।
একপর্যায়ে শিশুদের নিয়ে কেক কাটেন সরকারপ্রধান। এ সময় শিশুদের উদ্দেশে তিনি বলেন, “আজ তোমাদের সবার জন্মদিন।” পরে শিশুদের হাতে চকলেট, টফি, ললিপপ ও গিফট ব্যাগ তুলে দেন তিনি।
ডে-কেয়ার সেন্টারের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সংশ্লিষ্টরা জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ ধরনের ডে-কেয়ার সেন্টার দেশে বর্তমানে ২০টি রয়েছে।

