আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২১ মের মধ্যে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতন পরিশোধ নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার-এ অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এ নির্দেশ দেন।
সভায় শ্রমিক নেতারা সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্প এলাকায় কোনো অস্থিরতা তৈরি হবে না বলে আশ্বাস দেন। তবে যেসব কারখানায় এখনো বকেয়া বেতন রয়েছে, সেগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। যানজট কমাতে ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বেতন-বোনাস পরিশোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদযাত্রা সহজ করতে সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

