পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের জন্য ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার সরকারি অফিস খোলা রাখা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবা এ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, হাসপাতাল, ফায়ার সার্ভিস, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।
এছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম বিষয়ে আলাদা নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল ও নৌপথে প্রস্তুতি জোরদার করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

