সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৮ জন শিশু আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত দেড় মাসে দেশে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৭০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৪১৯ জন রোগী।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ-এ। এখানে হামে ও উপসর্গে ১৯২ জনের মৃত্যু এবং ২৯ হাজার ৪৮১ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

