বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীকে গুলির হুমকির অভিযোগে তদন্ত কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট।।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস সহায়ককে থানায় নিয়ে শারীরিক নির্যাতন ও গুলি করার হুমকি দেওয়ার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের উপসচিব মহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের অফিস সহায়ক মো. সারোয়ার জাহান গত ৫ মে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি দাবি করেন, ৪ মে পুলিশ সার্জেন্ট মো. রেজাউল হক বিনা কারণে তার পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ করেন।

অভিযোগ অনুযায়ী, পরে তাকে শাহবাগ পুলিশ বক্স এবং পরবর্তীতে শাহবাগ থানায় নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একই সঙ্গে অস্ত্র দেখিয়ে গুলি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ অধিশাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দীন-কে। সদস্যসচিব হিসেবে রয়েছেন পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ। এছাড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মহানগর পুলিশ-এর উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারহানা মৃধা।

কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন