বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সড়কে এআই প্রযুক্তির কড়াকড়ি, এক সপ্তাহে ৩শ’ মামলা

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীতে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত এক সপ্তাহে এই প্রযুক্তির আওতায় ৩ শতাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মো. সরওয়ার।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় এয়ারপোর্ট সড়কে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর সড়ক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরার মাধ্যমে উল্টো পথে চলাচল, সিগন্যাল অমান্য কিংবা নির্ধারিত লেন ভঙ্গের মতো অপরাধ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।

তিনি আরও জানান, আইন ভঙ্গের ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে ডিজিটাল মামলা করা হবে এবং অভিযুক্ত ব্যক্তি ভিডিও ফুটেজে নিজের অপরাধও দেখতে পারবেন।

মো. সরওয়ার বলেন, “এ উদ্যোগের মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা।”

বর্তমানে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রায় ৩০টি পয়েন্টে এআইভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন