দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক শিশুর মৃত্যু জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগের বিষয়। সরকারি হিসাব অনুযায়ী, গত ৫৫ দিনে অন্তত ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। গড়ে প্রতিদিন ছয়জন শিশুর মৃত্যু হলেও গত এক সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন প্রায় ১০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। তুলনামূলকভাবে কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ। সর্বশেষ একদিনেই আরও নয়জন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হিসাব সঠিক ধরে নিলেও পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন নতুন আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি আরও বেড়েছে।
এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট এবং শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সরকার তদন্ত শুরু করেছে। কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, সেটিও তদন্তে দেখা হবে বলে জানান তিনি।
চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি গরম আবহাওয়ায় ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়াও পরিস্থিতিকে জটিল করেছে। শিশুদের জ্বর, শরীরে র্যাশ বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

