বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

নিজের চলাচলের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে স্মার্ট বৈদ্যুতিক কার তৈরি করেছেন যশোরের তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি তার উদ্ভাবনের গল্প তুলে ধরেন।

ওয়াকিমুল জানান, একসময় তিনি দিনের বেশিরভাগ সময় ঘরেই কাটাতেন এবং একা বাইরে চলাফেরা করা তার জন্য কঠিন ছিল। সেই সমস্যার সমাধান খুঁজতেই তিনি স্মার্ট কার তৈরির উদ্যোগ নেন। ধীরে ধীরে নিজের চিন্তা ও পরিশ্রমে তৈরি করেন বৈদ্যুতিকচালিত বিশেষ এই যান।

যশোরের চৌগাছা সরকারি কলেজ–এর একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়াকিমুল বলেন, প্রয়োজনীয় সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা পেলে আরও আধুনিক সংস্করণের স্মার্ট কার তৈরি করা সম্ভব। তার মতে, এ ধরনের যান বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও বয়স্ক মানুষের চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি–এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, স্মার্ট কারটি একবার চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে সক্ষম এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন