বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন জানান, মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনের কয়েকজন কর্মকর্তা, রাজউক, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার কমান্ডিং অফিসার মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা, রাজউক চেয়ারম্যান, শিক্ষা সচিব, প্রতিরক্ষা সচিব, সাবেক উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান ও সাবেক প্রেস সচিব শফিকুল আলমের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জন ছিলেন শিক্ষার্থী। এটি দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

পরে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানায়, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছিল। গত ৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন