সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম-সংক্রান্ত রোগে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু সরাসরি হাম-এ আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ হাজার ২৬০ জন।
এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ২২৩ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার না হলে হাম দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের ঝুঁকি বেশি।

