বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হজ ফ্লাইটে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৪৩ হাজারের বেশি বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট।।

এবারের হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রোববার (৩ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের মধ্যে এখনো ৩৪ হাজার ৫৪৩ জন পর্যায়ক্রমে সৌদি আরবে যাবেন।

হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত সাতজন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনাতে মারা গেছেন।

চিকিৎসাসেবার তথ্য তুলে ধরে জানানো হয়, সৌদি মেডিকেল টিম ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসা দিয়েছে। এছাড়া আইটি হেল্প ডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ৭৩০ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৮৫৯ জন, সৌদি এয়ারলাইন্স-এর ৩৯টি ফ্লাইটে ১৫ হাজার ৮৮ জন এবং ফ্লাইনাস-এর ২০টি ফ্লাইটে ৭ হাজার ৮২৬ জন হজযাত্রী পরিবহন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায়।

হজ অফিস জানায়, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩১৬টি ভিসা ইস্যু করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন