বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঈদে ভারত থেকে গরু আমদানির অনুমতি নিয়ে যা জানালো মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভারত থেকে গবাদিপশু আমদানির একটি কথিত অনুমতিপত্রকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে প্রচারিত অনুমতিপত্রটির সঙ্গে কোনো সরকারি নথি বা অনুমোদনের মিল নেই। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, উক্ত অনুমতিপত্রটি তাদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষর যাচাইযোগ্য নয় এবং এটি কোনো বৈধ আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।

বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যাচাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে এবং এসব নথি শেয়ার বা প্রচার থেকে বিরত থাকতে।

একইসঙ্গে ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। সঠিক তথ্য পেতে সংশ্লিষ্টদের সরকারি ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন