মাত্র দুই-তিন দিনের ব্যবধানে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোর চিত্রে বড় পরিবর্তন এসেছে। গত দেড় মাস ধরে জ্বালানি তেল সংকটের কারণে যেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, সেখানে এখন অনেক স্টেশনেই দেখা যাচ্ছে ফাঁকা পরিবেশ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে মুগদা, রাজারবাগ, আরামবাগ, মৎস্য ভবন ও মতিঝিল এলাকার একাধিক ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মুগদা এলাকার একটি সিএনজি স্টেশনে দুপুরের দিকে মাত্র দুটি মোটরসাইকেল তেল নেওয়ার অপেক্ষায় ছিল। স্টেশন কর্তৃপক্ষ জানায়, গত রোববার থেকে ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। সোমবার কিছুটা ভিড় থাকলেও পরে তা দ্রুত কমে যায়।
মতিঝিলের কয়েকটি স্টেশনেও একই চিত্র দেখা গেছে। দীর্ঘ সময় কোনো যানবাহন না আসায় কর্মীদের বিশ্রাম নিতে দেখা গেছে। মাঝেমধ্যে দু-একটি গাড়ি এলেও তাৎক্ষণিকভাবে তেল নিয়ে চলে যাওয়ায় কোনো জটলা তৈরি হচ্ছে না।
নাভানা সিএনজি স্টেশনেও মোটরসাইকেলের লাইন না থাকলেও কিছু ব্যক্তিগত গাড়ি তেল নিতে দেখা গেছে। অন্যদিকে রমনা এলাকায় কিছুটা সীমিত সংখ্যক মোটরসাইকেলের উপস্থিতি লক্ষ্য করা গেছে, তবে প্রাইভেটকারগুলো কোনো লাইনে না দাঁড়িয়েই তেল নিতে পারছে।
স্টেশন সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সরবরাহ স্বাভাবিক থাকায় গ্রাহকরা চাহিদামতো তেল পাচ্ছেন। পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত মজুতের প্রবণতাও কমেছে। ফলে চাপ কমে গিয়ে ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।
সব মিলিয়ে জ্বালানি সরবরাহ স্থিতিশীল হওয়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

