ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯ জন প্রার্থীর নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী গেজেটভুক্ত হচ্ছেন।
তবে একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানায়, আদালতের রায় অনুযায়ী ওই আসনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

