ডেস্ক রিপোর্ট।।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে আদালত এ সিদ্ধান্ত দেন। এর ফলে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা পাঁচ মামলায় তার জামিন বহাল থাকল।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও মোতাহার হোসেন সাজু। পরে অ্যাডভোকেট সাজু জানান, আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।
এর আগে গত ৮ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ চার মামলায় তাকে জামিন দেন এবং ১১ মার্চ দুদকের মামলাতেও জামিন মেলে। তবে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে শাহবাগ ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানার মামলাও রয়েছে। এছাড়া প্লট জালিয়াতির অভিযোগে দুদক পৃথক মামলা করে।
সব মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে এবং জামিন মঞ্জুর করেন।
২০১০ সালের ২৭ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। পরবর্তীতে তিনি একাধিকবার আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

