বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তির পথে বেবিচক

ডেস্ক রিপোর্ট।।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বর্তমানে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত দর-কষাকষি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদরদপ্তরে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরা হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, তৃতীয় টার্মিনাল ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে এবং সম্ভাব্য চুক্তিটি বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সম্পন্ন করা হবে। তিনি বলেন, ইতোমধ্যে জাপানের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে এবং বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, যদিও কিছু বিষয়ে এখনও সমাধান বাকি।

চুক্তি স্বাক্ষরের সম্ভাব্য সময়সীমা নিয়ে তিনি বলেন, দর-কষাকষি শেষ হলেও চুক্তি সই হতে কমপক্ষে তিন মাস সময় লাগতে পারে। এরপর ৬ মাস থেকে এক বছরের পরীক্ষামূলক (টেস্ট রান) কার্যক্রম পরিচালনা করা হবে। সবকিছু ঠিক থাকলে সীমিত পরিসরে টার্মিনাল চালু করা সম্ভব হবে।

সরকার ১৬ ডিসেম্বরকে লক্ষ্য ধরে কাজ এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি। তবে দ্রুত বিমানবন্দর কার্যক্রম স্থানান্তরের ক্ষেত্রে ঝুঁকির কথাও তুলে ধরেন চেয়ারম্যান। তার মতে, আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে, দ্রুত শিফটিংয়ের ক্ষেত্রে ব্যর্থতার ঝুঁকি বেশি থাকায় ধীর ও পরিকল্পিত অগ্রগতি জরুরি।

তৃতীয় টার্মিনালের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত মেইনটেনেন্স করছে এবং অন্তত ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।

গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় প্রতিযোগিতা বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পাশাপাশি একটি বিদেশি প্রতিষ্ঠান যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিকে আন্তর্জাতিক অডিট প্রসঙ্গে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর সর্বশেষ অডিট ২০১৮ সালে হয়েছে বলে জানান চেয়ারম্যান। নিরাপত্তাজনিত কারণে ২০২৪ সালের অডিট স্থগিত থাকলেও চলতি বছরের অক্টোবরে একটি টিম আসার সম্ভাবনা রয়েছে এবং পূর্ণাঙ্গ অডিট ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান চলাচল খাতে সক্ষমতা ও সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন