পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে এ তথ্য জানানো হয়।
সংসদ সদস্য অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাতের টহল কমে গেছে, ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে এবং জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
এর জবাবে সরকার পক্ষ থেকে জানানো হয়, পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি সরবরাহে যে সীমাবদ্ধতা ছিল, তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়, জননিরাপত্তা ও জরুরি সেবার কার্যক্রম স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত দুই দিন আগেই কার্যকর করা হয়েছে।
বক্তব্যে বলা হয়, “জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর যে সীমাবদ্ধতা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি এখন সম্পূর্ণভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।”
সরকার আশা প্রকাশ করে, এই সিদ্ধান্তের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে থাকবে এবং জনগণের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

