বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ডেস্ক রিপোর্ট।।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। ডিজেলের দাম বাড়ার পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দিয়েছেন শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এ সিদ্ধান্ত জানান। নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে বলে নিশ্চিত করেন মন্ত্রী।

ঘোষণা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দূরপাল্লার বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম রুটসহ আন্তঃজেলা পরিবহনেও একই হারে ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এই ভাড়া বৃদ্ধি কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া আপাতত অপরিবর্তিত থাকবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও সমন্বয় করে কমানো হবে। তবে রেলওয়ের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এর প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন