বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন হাসপাতালের কম্পিউটার অপারেটর মো. মামুন এবং প্রকৌশলী মামুনুর রশীদ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের সঙ্গে নিয়ে মালামাল উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে হাসপাতালের বেজমেন্ট থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। হাসপাতালের আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার হাফিজুল ইসলামের জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে।
জবানবন্দিতে বলা হয়, ঘটনার দিন বিকেলে হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসানের ব্যক্তিগত সহকারী হাফিজুল ইসলামকে জানান যে বেজমেন্ট থেকে কিছু মালামাল বের করা হবে। গেট পাস চাইলে তাকে সহকারী পরিচালক মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরে মাহমুদুল হাসান জানান, বিষয়টি তার জানা রয়েছে এবং প্রকৌশলী মামুনুর রশীদের কাছে প্রয়োজনীয় অনুমতিপত্র আছে।
এরপর বিকেল সাড়ে ৫টার দিকে দুটি মিনি ট্রাক বেজমেন্টে প্রবেশ করে। সেখানে আগে থেকেই অভিযুক্তরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে আরও চারটি ট্রাক ভেতরে ঢোকে এবং ধাপে ধাপে মালামাল সরিয়ে নেওয়া হয়।
দায়িত্বরত আনসার সদস্যরা মালামাল বের করার অনুমতিপত্রের ছবি তুলতে চাইলে অভিযুক্তরা বাধা দেন এবং নিজেদের স্টোর সংশ্লিষ্ট দায়িত্বের কথা উল্লেখ করে ছবি তুলতে নিষেধ করেন।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং চুরি হওয়া সরঞ্জামের পরিমাণ কত—তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

