৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৬ লাখ ৫০ হাজার ৩৯ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকার আওতায় আনা। সে লক্ষ্য পূরণে কার্যক্রম চলমান রয়েছে।
সরকারের খাল খনন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে উপদেষ্টা জানান, এ প্রকল্পের আওতায় মোট ১ হাজার ২৬০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫৬১ কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে, যা মোট অগ্রগতির ৪৪ দশমিক ৫৫ শতাংশ।
এদিকে সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। আগামী বছর পার্শ্ববর্তী দেশগুলোকে সঙ্গে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করেছে, যা ব্যাপক সাড়া ফেলেছে। পহেলা বৈশাখ ঘিরে যেসব শঙ্কা ছিল, তা কাটিয়ে এবারের আয়োজন ছিল স্বতঃস্ফূর্ত ও বর্ণাঢ্য।
সরকারপ্রধানের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে বৈশাখ উদযাপন আরও পরিকল্পিতভাবে আয়োজন করা হবে। শুধু কয়েক দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, ১৪ এপ্রিল শুধু নববর্ষ নয়; একই সময়ে মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ভারতের কিছু অঞ্চলেও নববর্ষ উদযাপিত হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে একটি আঞ্চলিক সাংস্কৃতিক উদ্যোগ নেওয়ার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।
উদাহরণ হিসেবে তিনি নওরোজ-এর কথা উল্লেখ করেন, যা বহু দেশে একযোগে উদযাপিত হয়। তেমনি একটি উদ্যোগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াতেও নেওয়া যেতে পারে বলে মনে করছে সরকার।
তার মতে, এ ধরনের উদ্যোগ সাংস্কৃতিক কূটনীতি জোরদার করার পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও ভূমিকা রাখবে।

