রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আসাদুল হক (২৮) ওরফে লম্বু আসাদুল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টা ৫০ মিনিটের দিকে সাদেক খান এলাকার ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিনরাস্তা থেকে হাজারীবাগগামী সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আসাদুল বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা এবং তিনি রাজধানীর মেট্রো হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল একই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ইমন ওরফে এলেক্স ইমন নামে আরেক যুবক নিহত হন। সাম্প্রতিক এসব ঘটনায় মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

