বাংলাদেশ ও আলজেরিয়া জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক ও জয়েন্ট কনসালটেটিভ কমিশন (JCC) গঠনের চলমান প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে হাইড্রোকার্বন, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ ও জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা খাতে অংশীদারিত্ব বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত সাইদানি জানান, আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে জ্বালানি, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী। পাশাপাশি দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, ভিসা সহজীকরণ এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফর বৃদ্ধির প্রস্তাব দেন বাংলাদেশ পক্ষ।
উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, চলমান উদ্যোগগুলো বাস্তবায়িত হলে আগামী দিনে বাংলাদেশ–আলজেরিয়া সম্পর্ক আরও বহুমাত্রিক ও শক্তিশালী হবে।

